ঢাকা : উড়োজাহাজ চলাচল আরও উন্নত ও নিরাপদ করতে আজ সোমবার (২০ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হওয়ায় দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও সমন্বিত, নিরাপদ ও সময়োপযোগী হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আরও শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় শাহজালাল বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ উন্নয়নের ন্যায্য অংশীদার হিসেবে এগিয়ে যেতে থাকবে।
এসময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সংযোজিত হয়েছে। এতে আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, বেবিচক সদস্য (এ টি এম ),এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি,জিইউপি, এনডিসি, এফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে।
এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার হলো উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা, দক্ষতা এবং নিয়মিততা নিশ্চিত করার জন্য একটি অত্যাধুনিক কেন্দ্র। এটি রাডার, যোগাযোগ প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দর ও আকাশপথে উড়োজাহাজের জট এড়াতে সহায়তা করে।
-B