বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধ জাদুঘর

-মনিটর অনলাইন Date: 03 May, 2026
বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধ জাদুঘর

ঢাকাঃ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিকে ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। হামলার প্রভাব সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রধান জাফরুল্লাহ কালানতারি বলেন, ‘বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাটি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে। এটি ইতিহাসে দেশের বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে থেকে যাবে।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কালানতারি আরো বলেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ এবং উন্নত সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে।

প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে ইসফাহানের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী।

কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, তেহরানসহ পুরো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকা এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor