তৃতীয় টার্মিনালের চুক্তির খসড়ায় বেবিচকের সম্মতি


ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার প্রস্তাবিত চুক্তির খসড়ায় সম্মতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো।
মঙ্গলবার ১০ নভেম্বর বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চুক্তির শর্তাবলি বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক সূত্র জানায়, চুক্তি স্বাক্ষরের আগে পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া একটি প্রক্রিয়াগত বাধ্যবাধকতা। সভায় সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে প্রস্তাবিত চুক্তিতে থাকা কয়েকটি বিতর্কিত শর্ত পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শর্তগুলোর মধ্যে রয়েছে ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে না দেওয়ার প্রস্তাব। এ শর্তটি পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে কি না, জানতে চাইলে বেবিচকের ওই সূত্র জানায়, পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে।
বেবিচক সূত্র আরও জানায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তৃতীয় টার্মিনালের পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে দেওয়ার প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কনসোর্টিয়ামের পক্ষ থেকে চাওয়া কিছু বিশেষ সুবিধা ও ছাড় নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া প্রস্তাবিত চুক্তির কিছু শর্ত রাজধানীর আশপাশের বিমানবন্দরগুলোর ভবিষ্যৎ উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম সীমিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তৃতীয় টার্মিনালের সীমিত পরিসরে কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
উল্লেখ্য, জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি লিমিটেড, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।










