মালদ্বীপে চালু স্বয়ংক্রিয় ই-ভিসা


ঢাকাঃ মালদ্বীপে সব পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। দেশটিতে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় পর্যটকেরা স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা পাবেন।
মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, পর্যটকেরা দেশটির IMUGA পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন ফরম পূরণের সময় যে ই-মেইল ঠিকানা দেবেন, সেখানে তাঁদের ভিসার তথ্য পাঠানো হবে।
ভ্রমণকারীরা অনলাইনে তাঁদের ভিসার মেয়াদ ও মালদ্বীপে থাকার অনুমোদিত সময় জানতে পারবেন। এ জন্য দেশটির ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। মালদ্বীপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের ট্রাভেলার ডিক্লারেশন ফরমে সঠিক ই-মেইল ঠিকানা দেওয়ার পরামর্শ দিয়েছে। যেসব শিশু ও বয়স্ক ব্যক্তির নিজস্ব ই-মেইল ঠিকানা নেই, তাঁরা পরিবারের সঙ্গে ভ্রমণ করা অন্য কোনো সদস্যের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এমন ই-মেইল ঠিকানাও দেওয়া যাবে, যেটিতে ভ্রমণকারী সহজেই প্রবেশ করতে পারবেন।










