দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা


ঢাকাঃ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকাকে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’।
আইকিউএয়ারের লাইভ মনিটরিং ডেটা অনুযায়ী, আজ সকালে ঢাকার স্কোর ছিল ৩৯৫ একিউআই। বাতাসের মানের এ অবস্থাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আজ সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সংগৃহীত তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যান্য বড় শহরের তুলনায় ঢাকা অনেক বেশি দূষিত অবস্থায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৩০০-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা পুরো জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
তালিকায় ভারতের কলকাতা ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
তৃতীয় পাকিস্তানের লাহোরের স্কোর ২২০। এছাড়া এ অঞ্চলের অন্যান্য শহরের মধ্যে মুম্বাইয়ের মান ১৭২, করাচির ১৭০, দিল্লির ১৬৩ ও কাঠমান্ডুর স্কোর ১৬১। এগুলো ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় রয়েছে।
অন্যদিকে, এদিন নরওয়ের অসলো বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বড় শহর হিসেবে উঠে এসেছে তালিকায়। এ শহরের একিউআই স্কোর ১০।
ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার বাতাসের মান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ও সাভারে বায়ুর মান ছিল সবচেয়ে খারাপ। এ দুই স্থানের স্কোর ৩৫৪। এরপর টঙ্গীর ৩৫০ ও আজিমপুরের ৩১৬।
গাজীপুরে বাতাসের মানের স্কোর ২৩২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য। এ জেলার সবচেয়ে পরিচ্ছন্ন এলাকা শ্রীপুরের একিউআই ১১৬।










