জাপানে বিদেশিদের জন্য বসবাসের ফি ব্যাপক বৃদ্ধি


ঢাকাঃ জাপানের সংসদ শুক্রবার (২৯ মে )অভিবাসন নিয়ন্ত্রণ আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী পাস করেছে। এতে বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি আবেদনের সর্বোচ্চ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য একটি নতুন অনলাইন প্রাক-প্রবেশ ভ্রমণ অনুমোদন ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে।
এই অর্থবছরের শেষের দিকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুসারে, ভিসা নবায়নের সর্বোচ্চ ফি ১ লাখ ইয়েন এবং স্থায়ী বসবাসের আবেদনের ফি ৩ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা হবে। বর্তমানে এই সীমা মাত্র ১০ হাজার ইয়েন। এছাড়া বসবাসের অবস্থা পরিবর্তন বা মেয়াদ বাড়ানোর ফি বর্তমানে ৬ হাজার ইয়েন এবং স্থায়ী বসবাসের ফি ১০ হাজার ইয়েন।
সরকার জানিয়েছে, ক্রমবর্ধমান প্রশাসনিক ব্যয় মেটাতে এই ফি বৃদ্ধি করা হচ্ছে। তবে মানবিক কারণে এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হবে। আইনপ্রণেতারা অবশ্য সংসদে এই ছাড়ের মানদণ্ড নিয়ে স্পষ্টতার অভাবের কথা উল্লেখ করেছেন। অভিবাসন পরিষেবা সংস্থা শিগগিরই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে।
একই সংশোধনীর অংশ হিসেবে ২০২৮ অর্থবছরে চালু হবে ‘জাপান ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন ব্যবস্থা’ (জেটি)। এটি সন্ত্রাসবাদ ও অবৈধ নিয়োগ প্রতিরোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ভিসা ছাড়া স্বল্পমেয়াদি ভ্রমণের যোগ্য ৭৪টি দেশ ও অঞ্চলের নাগরিকদের যাত্রার কয়েকদিন আগে অনলাইনে তথ্য দিতে হবে। অপরাধমূলক রেকর্ডসহ বিভিন্ন ডেটাবেসে যাচাইয়ের পরই তাদের বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে।
২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।










