পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে উড়োজাহাজ


ঢাকাঃ জনপ্রিয় গেম সিরিজ পোকেমনের ৩০ বছর পূর্তি উপলক্ষে নতুন বিশেষ সাজের উড়োজাহাজ উন্মোচন করেছে জাপানের এয়ারলাইনস প্রতিষ্ঠান অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)।
সবুজ রঙের নকশায় সাজানো বোয়িং ৭৮৭ উড়োজাহাজটিতে পোকেমনের জনপ্রিয় বিভিন্ন চরিত্রের ছবি রয়েছে।
পোকেমন গেমের ৩০ বছর পূর্তি উপলক্ষে এটি এএনএর দ্বিতীয় বিশেষভাবে সাজানো উড়োজাহাজ। এর আগে জুলাইয়ে লাল রঙের নকশার একটি উড়োজাহাজ যাত্রী পরিবহন শুরু করে।
১৯৯৬ সালে নিনতেন্দোর হ্যান্ডহেল্ড গেম বয়ে পোকেমনের প্রথম দুটি সংস্করণ প্রকাশ করা হয়। নতুন উড়োজাহাজের রঙ সেই দুটি সংস্করণের সঙ্গে মিল রেখে করা হয়েছে।
সবুজ নকশার নতুন উড়োযানটিতে পিকাচু ও বুলবাসরুসহ পোকেমনের জনপ্রিয় চরিত্রগুলোর ছবি রয়েছে। এর ভেতরেও রাখা হয়েছে বিশেষ নকশা। পাশাপাশি আসনের কাভারেও পোকেমনভিত্তিক নকশা ব্যবহার করা হয়েছে।
এএনএ জানায়, নতুন আকাশযানটি মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন রুটে চলাচল করবে। ফলে এসব আন্তর্জাতিক রুটের যাত্রীরা পোকেমন সাজের উড়োজাহাজে ভ্রমণের সুযোগ পাবেন।
পোকেমন সাজের উড়োজাহাজের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এএনএর। ভবিষ্যতে নীল রঙের নকশার আরেকটি উড়োযান চালুর কথা রয়েছে।
সংস্থাটির মতে, এএনএর নতুন উড়োজাহাজটি শুধু একটি বিশেষ নকশার যান নয়। এটি পোকেমনের ৩০ বছরের যাত্রা ও এএনএর আন্তর্জাতিক কার্যক্রমের ৪০ বছরের ইতিহাসকে একসঙ্গে তুলে ধরছে।










