ঢাকাঃ হরমুজ প্রণালি ঘিরে সহিংসতা ফের বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ফলে হঠাৎ করেই নাটকীয়ভাবে বেড়ে গেছে তেলের দাম।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে তেলের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড সোমবার (৪ মে)প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে গিয়ে ঠেকেছ।
তবে আজ মঙ্গলবার (৫ মে) গ্রিনিচ মান সময় রাত দুইটা নাগাদ এই ঊর্ধ্বগতি কিছুটা কমে ১১৩ দশমিক ৫৪ ডলারে দাঁড়ায়।
এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে থাকা বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ৬টি ছোট নৌকা ধ্বংস করেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।
তবে ইরানের সরকারি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে দেশটির সামরিক সূত্র মার্কিন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে।
-B