মালয়েশিয়া এয়ারলাইন্সে আসছে ১০ ড্রিমলাইনার


ঢাকাঃ বহর আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১০টি ‘৭৮৭ ড্রিমলাইনার’ উড়োজাহাজ কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থাগুলো জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের দিকে ঝুঁকতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থাটির মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি)-এর প্রেসিডেন্ট নাসারুদ্দিন এ বাকর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চুক্তি অনুযায়ী ‘৭৮৭-১০’ মডেলের ১০টি উড়োজাহাজ কেনার পাশাপাশি ভবিষ্যতে আরও ৬টি উড়োজাহাজ কেনার সুযোগ (অপশন) থাকবে এমএজির হাতে।
নাসারুদ্দিন বলেন, ‘বিস্তারিত মূল্যায়নের পর মালয়েশিয়া এয়ারলাইন্সের জন্য বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’
বুধবারের এ সিদ্ধান্তকে তিনি এ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ বহর-সংক্রান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
চুক্তির মূল্য ও উড়োজাহাজের সক্ষমতা চুক্তির প্রকৃত অর্থের পরিমাণ প্রকাশ করতে রাজি হননি এমএজি প্রেসিডেন্ট।
তবে তিনি জানান, মূল্যছাড় দেওয়ার আগে ‘১৬টি উড়োজাহাজ ও ইঞ্জিনের’ তালিকামূল্য ছিল প্রায় ৯৩০ কোটি ডলার।
বোয়িং ৭৮৭-১০ মডেলের প্রতিটি উড়োজাহাজে প্রায় ৩৩০ জন যাত্রী বহন করা সম্ভব, যা সরাসরি এয়ারবাসের এ৩৫০-৯০০ ও এ৩৩০-৯০০নিও মডেলের সঙ্গে প্রতিযোগিতা করে।
ধারাবাহিক বহর আধুনিকায়ন আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বহর শক্তিশালী করতে নিয়মিত বিনিয়োগ করছে এমএজি।
এর আগে গত বছরের মার্চে প্রতিষ্ঠানটি ৩০টি বোয়িং ৭৩৭-৮ এবং ৭৩৭-১০ মডেলের উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল।










