বোয়িংয়ের ৫০টি উড়োজাহাজ কিনছে চীনের জিয়ামেন এয়ারলাইনস


ঢাকাঃ চীনের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইনস মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে।
এসব উড়োজাহাজের তালিকামূল্য প্রায় ৭.৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক নথিতে এ তথ্য জানিয়েছে চায়না সাউদার্ন।
নথিতে বলা হয়েছে, উড়োজাহাজ কেনার ক্ষেত্রে শিয়ামেন এয়ারলাইনসকে উল্লেখযোগ্য পরিমাণ ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বোয়িং। ফলে চুক্তির প্রকৃত মূল্য তালিকা মূল্যের তুলনায় কম হবে। সাধারণত একসঙ্গে বিপুলসংখ্যক উড়োজাহাজ কেনার অর্ডার দিলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর এই ক্রয়াদেশের খবর সামনে এলো। ওই বৈঠকে চীনের পক্ষ থেকে ২০০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে শিয়ামেন এয়ারলাইনসের নতুন এই ক্রয়াদেশটি ওই প্রতিশ্রুতির আওতাভুক্ত কি না, তা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে স্পষ্ট করা হয়নি।
প্রায় এক দশক ধরে চীনের কাছ থেকে বড় কোনো অর্ডার পায়নি বোয়িং। গত বছর চীন তাদের এয়ারলাইনসগুলোকে বোয়িংয়ের উড়োজাহাজ গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল বলে খবর প্রকাশিত হয়।
ট্রাম্প বেইজিংয়ের ওপর দফায় দফায় শুল্ক আরোপ করার পর ২ দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধের একপর্যায়ে চীন মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে উড়োজাহাজ-সংশ্লিষ্ট সরঞ্জাম ও যন্ত্রাংশ কেনাও স্থগিত করে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার গত সেপ্টেম্বরে বলেছিলেন, ‘প্রায় ১৪০টি উড়োজাহাজের অর্ডার ভালো অবস্থায় রয়েছে।’ আরও ১০টি অর্ডার চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেছেন, তার ধারণা, চীন বোয়িংয়ের কাছ থেকে আরও ২৫০টি উড়োজাহাজ কিনবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এবং চীনা কর্মকর্তারাও নতুন করে উড়োজাহাজ কেনার কোনো বিষয় নিশ্চিত করেননি।
চায়না সাউদার্নের দাখিল করা নথি অনুযায়ী, শিয়ামেনের সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৪ সালের মধ্যে কয়েকটি ধাপে সরবরাহ করার কথা রয়েছে। তবে চুক্তিটি কার্যকর করতে কোম্পানির শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট চীনা সরকারি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
চায়না সাউদার্ন জানিয়েছে, এই অর্ডারের ফলে শিয়ামেন এয়ারলাইনসের নতুন শিয়ামেন শিয়াংআন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরের মাধ্যমে সৃষ্ট সুযোগ কাজে লাগানো সম্ভব হবে। পাশাপাশি এটি ফুজিয়ান প্রদেশে একটি উড়োজাহাজ চলাচলকেন্দ্র গড়ে তুলতে এবং উড়োজাহাজের বহরের কাঠামো আরও উন্নত করতে সহায়তা করবে।
ঐতিহাসিকভাবে শিয়ামেন এয়ারলাইনসের পুরো উড়োজাহাজ বহরই ছিল বোয়িংয়ের তৈরি। তবে ২০২৩ সালের শুরুর দিকে অপারেটিং লিজের আওতায় প্রথম এয়ারবাস এ৩২১নিও উড়োজাহাজ গ্রহণের মাধ্যমে প্রায় ৪ দশকের একচেটিয়া বোয়িংনির্ভর বহরের অবসান ঘটে।
এপ্রিল মাসে চায়না সাউদার্ন ও শিয়ামেন এয়ারলাইনস ১৩৭টি এয়ারবাস এ৩২০নিও পরিবারের উড়োজাহাজ কেনার জন্যও চুক্তি করেছিল।










