বাংলাদেশ-দ. আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ


ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আজ বুধবার সকাল ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার এসব উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ
বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজ চলাচলে ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ জন্য বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাইপূর্বক বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘উদ্ভূত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরসমূহে পাখি নিয়ন্ত্রণ করতে হবে।’ এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থাগ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।
কমিটির উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সেফ ফ্লাই জোন নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।’ দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি ৩ মাস অন্তর সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ এর সদস্যরা।










