প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা


ঢাকাঃ প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘প্যারিস টাইমস দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা-২০২৬’।
প্যারিস ১৮ এরিজমেন্টের একটি অভিজাত মিলনায়তনে বইমেলা লেখক, প্রকাশক, সাহিত্যপ্রেমী ও পাঠকদের মিলনমেলায় পরিণত হয়।
প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।
সাহিত্য, সংস্কৃতি ও সমাজে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখক হাসানুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, কবি রবিশঙ্কর মৈত্রী, শিল্পী আরিফ রানা, চড়াকার লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেলকে প্যারিস টাইমসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতা পাঠের আসরে ফ্রান্সে বসবাসরত কবিরা তাদের কবিতা আবৃত্তি করেন। এরপর রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।
আয়োজকদের পক্ষে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা বই ও সাহিত্যকে পরিচিত করে তোলার পাশাপাশি বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা হচ্ছে এ মেলার অন্যতম উদ্দেশ্য।
বইমেলায় শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী লেখক, প্রকাশক ও স্টল মালিকদের বিশেষ সনদ প্রদান করা হয়।










