সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফের সতর্ক করলো যুক্তরাষ্ট্র


ঢাকাঃ সৌদি আরবে হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা এবং উড়োজাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
বিশেষ করে বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবে মার্কিন মিশন এক নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেয়। এতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং যাতায়াতব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে।
সতর্কবার্তায় আরো বলা হয়, পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে সংঘাত বর্তমান এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এতে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন মিশন নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও যাতায়াতে বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করার সিদ্ধান্ত নিলে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি নেতৃত্বাধীন জোট। এই জোটের সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাটি এলো।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি এলাকা দখল করে নেয় হুথিরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চ থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।










