ঢাকাঃ লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্যে ভ্রমণের আগে যাত্রীদের অবশ্যই তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে যাত্রীদের সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপডেট না করলে ভ্রমণের সময় জটিলতার সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে ইউকে বর্ডার ফোর্স -এর নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই-বাছাই, বিলম্ব কিংবা ভ্রমণ সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।
বিমানবন্দর ও গন্তব্যে অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে ভ্রমণ শুরুর আগে প্রয়োজনীয় সব কাগজপত্র ও অনলাইন তথ্য সঠিকভাবে সম্পন্ন করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
-B