রিয়াদগামী ইউএস-বাংলার সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল


ঢাকাঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৮১ ও বিএস-৩৮২ নম্বর ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।
এ পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। ফ্লাইটের বর্তমান অবস্থা, পুনরায় টিকিট বুকিং এবং অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগেই সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা নির্ধারিত ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
প্রয়োজনে ইউএস-বাংলার নির্ধারিত যোগাযোগ নম্বর ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।










