‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানালো ঢাকার মার্কিন দূতাবাস


ঢাকাঃ বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হওয়া মার্কিন ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
কর্মসূচির আওতায় ভিসা অনুমোদনের পর নির্ধারিত অঙ্কের বন্ড জমা দিতে হবে, যা ভিসার শর্ত পূরণ সাপেক্ষে ফেরত দেওয়া হবে।
সোমবার (৮ জুন) প্রকাশিত এক নির্দেশনায় দূতাবাস জানায়, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে বন্ড পরিশোধের নির্দেশনা এবং pay.gov-এর সরাসরি লিংক প্রদান করবেন।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা বন্ড প্রক্রিয়ার ধাপগুলো হলো-
ভিসা সাক্ষাৎকার শেষে যোগ্য বিবেচিত হলে বন্ড পরিশোধের নির্দেশনা দেওয়া হবে।
আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে বন্ডের অর্থ পরিশোধ করতে হবে।
বন্ড পরিশোধের পর সর্বোচ্চ তিন মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা ইস্যু করা হবে।
নির্ধারিত পোর্ট অব এন্ট্রি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সব শর্ত মেনে চলতে হবে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসাসহ ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।



