চট্টগ্রাম-সালালাহ সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার


ঢাকা: ওমানভিত্তিক স্বল্প খরচের এয়ারলাইন সালামএয়ার সালালাহ থেকে চট্টগ্রাম, জেদ্দা ও ভারতের কালিকটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সালালাহকে কেন্দ্র করে প্রথমবারের মতো এয়ারলাইন ঘাঁটি স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে নতুন এই তিন রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
গত ২৬ আগস্ট নতুন রুটগুলোর টিকিট বুকিং শুরু হয়েছে। শীতকালীন ২০২৬ সূচি অনুযায়ী আগামী অক্টোবরের শেষ দিকে এসব রুটে ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের সঙ্গে সালালাহর সরাসরি উড়োজাহাজ যোগাযোগ চালু হলে ধোফার অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ অন্যান্য ভ্রমণকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সালামএয়ার জানিয়েছে, সালালাহতে নতুন ঘাঁটি চালুর ফলে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সম্প্রদায়ের সারা বছরব্যাপী ভ্রমণ চাহিদা পূরণ হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাজারগুলোর সঙ্গে ধোফার গভর্নরেটের যোগাযোগ আরও শক্তিশালী হবে।
ওমানের ২০২৬ সালের খারিফ মৌসুমে এয়ারলাইনটির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে মাসকাট ও সালালাহর মধ্যে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি ফ্লাইট পরিচালনা করে সালামএয়ার। একই সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত আসনও যুক্ত করা হয়।
নতুন রুটগুলোতে সালামএয়ারের এয়ারবাস A320neo ও A321neo উড়োজাহাজ ব্যবহার করা হবে। বর্তমানে এয়ারলাইনটির বহরে ১৮টি উড়োজাহাজ রয়েছে।
শীতকালীন মৌসুমে সালালাহ থেকে কাজাখস্তানের আস্তানা ও আলমাটিতেও চার্টার ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। মধ্য এশিয়া থেকে ওমানে পর্যটক আকর্ষণের লক্ষ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
সালামএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাড্রিয়ান হ্যামিল্টন-ম্যানস বলেন, নতুন ঘাঁটি সালালাহর উড়োজাহাজ যোগাযোগ আরও শক্তিশালী করবে। একই সঙ্গে শহরটিকে সারা বছরব্যাপী পর্যটন ও অর্থনৈতিক গন্তব্য হিসেবে গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










