পাইলটের অনিয়মে আকাশে আতঙ্ক, ফ্লাইটে তীব্র ঝাঁকুনি


ঢাকাঃ সম্প্রতি ফুকেট থেকে দিল্লি আসার পথে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। তীব্র টার্বুলেন্সে আহত হন অন্তত ২৪ আরোহী। ঘটনার তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য— ডোপ টেস্টে ফ্লাইটটির ক্যাপ্টেনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লি আসছিল। পথে এটি তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে এবং নিজের গতিপথ থেকে ৩০০ ফুট নিচে নেমে আসে। এতে অন্তত ২০ জন যাত্রী ও ৪ জন ক্রু আহত হন। আহতদের মধ্যে ২ জন মেরুদণ্ডের নিম্নভাগ ও ঘাড়ে গুরুতর আঘাত পান।
দিল্লিতে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় ক্যাপ্টেনের শরীরে সাইকোঅ্যাকটিভ বা মনোট্রপিক পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে মঙ্গলবারও (১১ আগস্ট) ফলাফল পজিটিভ আসে। দ্বিতীয় পরীক্ষার প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন।
কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি যখন হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে আসে তখন ক্যাপ্টেন তাঁর আসনে ছিলেন না এবং ফার্স্ট অফিসার এটি নিয়ন্ত্রণ করছিলেন।
আকস্মিক পতনের তীব্রতায় ককপিটসহ ফ্লাইটের ভেতরে থাকা জিনিসপত্র ও যাত্রীরা ওপরের দিকে ছিটকে পড়েন। এ সময় যেসব যাত্রী সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না, মূলত তাঁরাই গুরুতর আঘাত পান।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।










