এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো আরেকটি ব্র্যান্ডনিউ এটিআর


ঢাকাঃ দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রার বহরে আরো ১টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত হয়েছে।
এয়ারক্রাফটটি বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে এয়ার এ্যাস্ট্রার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫টিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার এ্যাস্ট্রা জানিয়েছে, দ্বিতীয় নতুন উড়োজাহাজের সংযোজন এয়ার এ্যাস্ট্রার আধুনিক, দক্ষ ও নির্ভরযোগ্য বহর গড়ে তোলার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। একইসঙ্গে, নতুন উড়োজাহাজটি দেশের অভ্যন্তরীণ রুটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ এবং এয়ার এ্যাস্ট্রার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। ৫টি উড়োজাহাজের বহরে পৌঁছানো আমাদের পুরো দলের নিষ্ঠা, পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের অব্যাহত আস্থার প্রতিফলন।
আমরা আমাদের বহর আরও শক্তিশালী করা, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব।










