‘বোমা’ আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া ফ্লাইটের


ঢাকাঃ উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়ার পর মাঝপথেই জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।
সৌদি আরবের দাম্মাম থেকে নয়াদিল্লিগামী ফ্লাইটটির এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা দেখতে পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উড্ডয়নরত ফ্লাইটে বোমাসংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পর পাইলটরা এটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটির এক ক্রু সদস্য ‘বোমা’ লেখা একটি টিস্যু পেপার পাওয়ার পরই নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়।
ফ্লাইটটি অবতরণের পর নিরাপত্তারক্ষী সংস্থাগুলো পুরো ফ্লাইটে সতর্কতার সঙ্গে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো ধরনের সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীই নিরাপদ আছেন। আপাতত তাঁদের আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল–২ এ রাখা হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটল এবং টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি কে বা কারা লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।










