ঢাকায় এয়ারলাইন্সদের ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন, শুরু ৩ জুলাই


ঢাকা: পহেলা জুলাই রাজধানীর ক্রাউন প্লাজা
গুলশানে অনুষ্ঠিত হল দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি)
২০২৬ এর ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠান।
“ওয়ান স্কাই, ওয়ান
ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টটি
আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে।
দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান
এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড
ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল
স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।
ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে ট্রফি উন্মোচন
ও ফিক্সচার ড্র করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার
জাহিদ হাসান এমিলি। আরও উপস্থিত ছিলেন ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম,
প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো জুবায়ের আক্তার
চৌধুরী, গুলশান ইউথ ক্লাবের সভাপতি ড ওয়াহিদুজ্জামান তমাল, এটিজেএফবির সভাপতি
তানজিম আনোয়ার প্রমূখ।
আগামী ৩ জুলাই টুর্নামেন্টের রাউন্ড অব
১৬ শুরু হবে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স;
এয়ার অ্যারাবিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্লাই দুবাই; কাতার এয়ারওয়েজের প্রতিদ্বন্দ্বিতা
করবে এয়ারএশিয়া; সৌদিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে টার্কিশ এয়ারলাইন্স।
এছাড়াও সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা
করবে থাই এয়ারওয়েজ; এমিরেটসের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার ইন্ডিয়া; ইন্ডিগোর প্রতিদ্বন্দ্বিতা
করবে নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার অ্যাস্ট্রা।
একইদিন সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে
৪ জুলাই।
দুইদিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী
আফরোজা খানম রিতা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের
কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ
পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও
বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।




