আকস্মিক পরিদর্শনে শাহজালালে বিমানমন্ত্রী


ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান।
যাত্রীরা মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী যাত্রীসেবার মান আরো উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেন।
এছাড়া দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ওমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে বসে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে এবং তারা একটি সুন্দর ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে যাবে।’
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া ও রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।










