ক্যালিফোর্নিয়ায় বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮


ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মী রয়েছেন।
সোমবার (১৫ জুন)স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে একটি রুটিন পরীক্ষামূলক মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি রানওয়ে ছাড়ার পরই বিধ্বস্ত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকে দেখা যায়।
এডওয়ার্ডস বিমানঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস জানান, উড়োজাহাজটিতে সামরিক সদস্য, বেসামরিক সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীসহ মিশ্র একটি দল ছিল। প্রাথমিক ফুটেজ পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে 'সম্পূর্ণ অপ্রতিরোধ্য ও বেঁচে থাকার অযোগ্য' বলে বিবেচনা করা হয়।
উড়োজাহাজটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ এখনো অজানা। তদন্তে ৩০ দিন এবং বিস্তারিত কারণ বিশ্লেষণে ৬ মাসের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্নেল হেইস।
দুর্ঘটনার পর রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত ঘাঁটির সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ঘাঁটির বাইরের কোনো অভিযানে এর প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬১ কিলোমিটার উত্তরে মোজাভে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটি মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় বিমানঘাঁটি। ১৯৪৭ সালে এখান থেকেই চাক ইয়েগার প্রথমবার শব্দের গতিকে অতিক্রম করেছিলেন।
দীর্ঘপাল্লার বোমারু বিমান বি-৫২ মার্কিন কৌশলগত বোমারু বহরের মেরুদণ্ড হিসেবে বিবেচিত। উড়োজাহাজটি পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম এবং জ্বালানি ছাড়াই ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। ২০১৬ সালে গুয়ামে একটি বি-৫২ বিধ্বস্ত হওয়ার পর এটিই প্রথম বি-৫২ দুর্ঘটনা।



