আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে


ঢাকাঃ বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশের রফতানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম।
তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রফতানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশগ্রহণ করতে পারেন না।’
তিনি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।
মন্ত্রী পূর্বাচল বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ ও ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রফতানি ২০২৬’ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ডি ব্রিফিং সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সভায় বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন। মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাব ও কুনমিং মেলার অভিজ্ঞতা শোনেন এবং মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীসহ অতিথিরা ইপিবি থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।



