২০ কোটি ফুলে সেজেছে ‘দুবাই মিরাকল গার্ডেন’


ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই মিরাকল গার্ডেনের ১৫তম মৌসুম শুরু হয়েছে। ৭২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ বাগানে এবার ফুটেছে ২০ কোটির বেশি ফুল।
দর্শনার্থীদের জন্য ফুলের নানা স্থাপনার পাশাপাশি থাকছে প্রতি সপ্তাহে ভিন্ন থিমের আয়োজন। নতুন মৌসুম চলবে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত।
‘ফিফটিন ইয়ার্স, ব্লুমিং টুগেদার’ বা ‘১৫ বছর ধরে একসঙ্গে বিকশিত হওয়া’ প্রতিপাদ্যে এবারের আয়োজন সাজানো হয়েছে।
প্রথমবারের মতো প্রতি সপ্তাহে আলাদা থিমে অনুষ্ঠান আয়োজন করবে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে এসব আয়োজন করা হবে।
এর মধ্যে রয়েছে পিংক অক্টোবর, জাতিসংঘ দিবস, ইউএই পতাকা দিবস ও দিওয়ালি উদযাপন। পাশাপাশি থাকবে সংগীত পরিবেশনা ও পরিবারের সদস্যদের উপযোগী বিনোদনের ব্যবস্থা।
দুবাইয়ের অন্যতম পরিচিত উন্মুক্ত পর্যটন কেন্দ্র মিরাকল গার্ডেন। শীতল আবহাওয়ায় এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে। ফুলের বৈচিত্র্য ও নান্দনিক স্থাপনার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশী পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে এ বাগান।
২০১৩ সালে যাত্রা শুরুর পর বাগানটি কয়েক কোটি দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে। সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে দুবাইয়ের অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণে। বিশেষ করে শীতের মাসগুলোয় এর জনপ্রিয়তা বাড়ে।
এবারের মৌসুমে দর্শনার্থীরা ১৫০টির বেশি প্রজাতির ফুল দেখতে পারবেন। এসব ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানা নকশা, ভাস্কর্য ও স্থাপনা। এর কয়েকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।
বাগানের অন্যতম আকর্ষণ এমিরেটস এ৩৮০ উড়োজাহাজের আদলে তৈরি ফুলের স্থাপনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত এ স্থাপনা তৈরিতে ব্যবহার করা হয়েছে পাঁচ লাখের বেশি ফুল ও গাছ।
এছাড়া রয়েছে স্মার্ফস ভিলেজ ও বাতাসে ভেসে থাকার ভঙ্গিতে তৈরি ‘ফ্লোটিং লেডি’ ভাস্কর্য। গত মৌসুমে ১৫ কোটির বেশি ফুল নিয়ে সাজানো হয়েছিল বাগানটি। তখন শিশুদের জন্য চালু করা হয় ছোট ট্রেন ও বাম্পার কারসহ একটি বিনোদন এলাকা।
নতুন মৌসুমে ফুলের বিপুল সমারোহের পাশাপাশি সাপ্তাহিক থিমভিত্তিক আয়োজন চালুর মাধ্যমে দর্শনার্থীদের জন্য অভিজ্ঞতায় বৈচিত্র্য আনতে চাইছে কর্তৃপক্ষ। মে মাসের শেষ পর্যন্ত চলা এ আয়োজন দুবাইয়ের শীতকালীন পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম।










