ইউনেস্কো স্বীকৃতি পেল বাংলাদেশের ভাসমান বিদ্যালয় উদ্যোগ


ঢাকাঃ চলনবিল এলাকার জনগোষ্ঠীর জন্য পরিচালিত সৌরশক্তিচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য বাংলাদেশী প্রতিষ্ঠান শিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়েছে।
ইউনেস্কোর ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাসমান স্কুল প্রকল্পের প্রতিষ্ঠাতা ও শিধুলাই স্বনির্ভর সংস্থার নির্বাহী পরিচালক স্থপতি মোহাম্মদ রেজওয়ানের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিধুলাইয়ের ভাসমান স্কুল প্রকল্প দেশের অন্যতম বৃহৎ জলাভূমি অঞ্চল চলনবিলে বসবাসকারী মানুষের জন্য শিক্ষা সহায়তা প্রদান করে।
সংস্থাটির ভাসমান স্কুলগুলো মূলত শ্রেণীকক্ষ-সুবিধাসম্পন্ন নৌকা। স্থানীয়ভাবে কারিগরদের দ্বারা তাদের ঐতিহ্যবাহী নৌকা নির্মাণের কৌশল ও স্থানীয়ভাবে সংগৃহীত কাঠ দিয়ে নির্মিত প্রতিটি নৌকা সৌরশক্তিচালিত। বর্তমানে শিধুলাই এমন ৫৬টি নৌকা পরিচালনা করছে। এর মধ্যে ২৬টি শ্রেণীকক্ষ, ১০টি গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব, আটটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাকি নৌকাগুলো স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও পরিবহনসেবা প্রদানে ব্যবহৃত হচ্ছে।



