বাজার পুনরুদ্ধারের চেষ্টা বৈশ্বিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের


ঢাকাঃ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো গত কয়েক বছরে বিক্রি ও মুনাফায় বড় ধরনের ধসের পর বিশ্ববাজারে নিজেদের অবস্থান ফিরে পেতে লড়াই করছে নামিদামি বিলাসবহুল সব প্রতিষ্ঠান।
ক্রেতাদের ধরে রাখতে এখন ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন আনছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। শুধু উৎপাদন বাড়ানোর চেয়ে পণ্যের গুণগত মান ও অনন্য গ্রাহকসেবার ওপর জোর দেয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে বিলাসবহুল পণ্যের ব্যবসা চাঙ্গা ছিল। বিশেষ করে কভিড-১৯ মহামারীর পর কেনাকাটার ধুম পড়ায় বিপুল মুনাফা করে কোম্পানিগুলো। তবে সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনগুলো বাজারের ভিন্ন চিত্র দেখাচ্ছে।
বিশ্বের শীর্ষস্থানীয় দুই কনগ্লোমারেট বা বহুজাতিক কোম্পানি এলভিএমএইচ ও কেরিংয়ের মুনাফা গত বছর উল্লেখযোগ্য হারে কমেছে। তাছাড়া যুক্তরাজ্যের বিখ্যাত ব্র্যান্ড বারবারিও ২০২৪-২৫ অর্থবছরে বড় ধরনের আর্থিক লোকসানের শিকার হয়েছে।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ পতনের পেছনে বেশকিছু বড় কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো বিলাসবহুল পণ্যের অন্যতম প্রধান বাজার চীনের অর্থনীতির নেতিবাচক অবস্থা। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা এখন খরচের বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। উচ্চমূল্যের এসব পণ্যের মান নিয়েও এখন অনেক ক্রেতা প্রশ্ন তুলছেন।
মহামারী-পরবর্তী সময়ে অনেক বিলাসবহুল ব্র্যান্ড নিজেদের পণ্যের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। কিন্তু সে তুলনায় পণ্যের মান বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে তা কমেছে। অতিরিক্ত চাহিদার কারণে কিছু ব্র্যান্ড উৎপাদনও অনেক বাড়িয়ে দেয়। ফলে বাজারে এসব পণ্যের প্রাচুর্য তৈরি হয়, যা এ খাতের মূল আকর্ষণ বা ‘এক্সক্লুসিভিটি’ নষ্ট করে।
গবেষণা প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালের মধ্যে বিলাসবহুল পণ্যের বাজার প্রায় দুই কোটি ক্রেতা হারিয়েছে। এর আগের দুই বছরে হারিয়েছিল আরো ৫ কোটি গ্রাহক।
এ সংকট কাটাতে বড় কোম্পানিগুলো এখন ব্যবসা পুনর্গঠন করছে। কম লাভজনক ব্র্যান্ডগুলো বিক্রি করে মূল পণ্যে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
যেমন ৩০ বছর মালিকানায় রাখার পর মার্কিন লেবেল ‘মার্ক জ্যাকবস’ বিক্রি করে দিয়েছে এলভিএমএইচ। অন্যদিকে কেরিং গ্রুপ তাদের বিউটি ডিভিশন লরিয়ালের কাছে ৪৭০ কোটি ডলারে বিক্রি করেছে। পাশাপাশি বাজারে টিকে থাকতে কিছু কোম্পানি একে অন্যের সঙ্গে একীভূত হচ্ছে। যেমন ইতালির ভারসাচি ১২৫ কোটি ইউরোয় তাদের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড প্রাডাকে কিনে নিয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিলাসবহুল ব্র্যান্ডগুলো এখন আবার তাদের পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দামি ব্যাগ বা পোশাক বিক্রির চেয়ে সেবার মান উন্নত করাই এখন তাদের মূল লক্ষ্য।


