বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের


ঢাকাঃ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত ‘সৌদিয়া অ্যান্ড এইচএসবিসি : পাওয়ারিং গ্লোবাল কানেক্টেভিটি। সেলেব্রেটিং সৌদিয়াস জার্নি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ এভিয়েশন অগ্রযাত্রায় একটি নতুন যুগে প্রবেশ করছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা আধুনিক বিমানবন্দর অবকাঠামো গড়ে তুলছি, যাত্রীসেবার মান উন্নত করছি এবং বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণে করছি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরে সংযুক্ত করবে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, ৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্স হিসেবে গর্বের সঙ্গে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখ লাখ যাত্রীকে সংযুক্ত করেছে, শ্রমিকদের আন্তর্জাতিক যাতায়াত সহজ করেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রা নিশ্চিত করেছে। এভাবে সৌদিয়া শুধু একটি এয়ারলাইন হিসেবেই নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে দাফের ইবন উবায়া, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে এভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।










