কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৭


ঢাকাঃ কেনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রীসহ ৭ জন নিহত হয়েছেন।
নিহত বাকি ৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে দেশটির সাম্বুরু শহরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটির তথ্য মতে, হেলিকপ্টারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও বন্যপ্রাণী সংরক্ষণাগার পরিদর্শনে গিয়েছিলেন যাত্রীরা। এক পর্যায়ে হেলিকপ্টারটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। গোয়েন্দা প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছে ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয়।
দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ হেলিকপ্টারটি পরিচালনা করছিল কেনিয়ার প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
এনবিসিইউনিভার্সাল এক স্মারকলিপিতে তাকে ‘গভীরভাবে সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া নিহতদের মধ্যে মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তের নামও স্থানীয় ও মার্কিন সংবাদমাধ্যমে এসেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক জানিয়েছেন মার্কিন প্রতিনিধি কার্লোস আন্তোনিও জিমেনেজ। তবে নিহত অপর ৪ মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রাথমিক প্রতিবেদনে নিহতদের ৬জন পর্যটক ও একজন পাইলট বলে জানানো হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। গেল ফেব্রুয়ারিতে, দেশটির রিফট ভ্যালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন এক সংসদ সদস্যসহ ৬জন।










