দেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের
ঢাকাঃ বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম।একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষ করে পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চান মন্ত্রী।এ সময় বাংলাদেশের পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করেছে।বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন মহাসচিব। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পর্যটনমন্ত্রী। জবাবে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।বৈঠকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় ইউএন ট্যুরিজমের মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী।