ফ্লাইটের সময়ানুবর্তিতায় টানা তৃতীয়বার শীর্ষে সৌদিয়া
ঢাকাঃ সময়সূচি বজায় রেখে ফ্লাইট পরিচালনায় ফের বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরবের উড়োজাহাজ সংস্থা ‘সৌদিয়া’।আন্তর্জাতিক এভিয়েশন অ্যানালিটিকস প্লাটফর্ম সিরিয়ামের জুলাইয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।২০২৬ সালে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বজুড়ে ফ্লাইট চলাচলের সময়ানুবর্তিতায় প্রথম স্থান অর্জন করল উড়োজাহাজ সংস্থাটি।সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে সৌদিয়া মোট ১৬ হাজার ৪০৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ৮৭ দশমিক ২৪ শতাংশ ফ্লাইট একেবারে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে।গ্রীষ্মকালীন চরম ব্যস্ত মৌসুম সত্ত্বেও সংস্থাটি কাজের ধারাবাহিকতা ও পরিচালন মান বজায় রাখতে সক্ষম হয়েছে। সাধারণত গ্রীষ্মকালীন ছুটির সময় বিশ্বজুড়ে ফ্লাইটের চাপ অনেক বেড়ে যায়। অতিরিক্ত যাত্রী ও উড়োজাহাজের কারণে বিমানবন্দরে তৈরি হয় জটিলতা। ফলে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য সময়সূচি ঠিক রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।উড়োজাহাজ সংস্থাটির কর্মকর্তারা জানান, কঠিন সময়েও নিজেদের নিখুঁত পরিচালন দক্ষতা ও নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে সৌদিয়া। দক্ষ কর্মী ও সঠিক কর্মপরিকল্পনার কারণেই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।পাশাপাশি সৌদিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর সুসমন্বয়, আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি সংস্থাগুলোর সহযোগিতা এতে বড় ভূমিকা রেখেছে বলে জানান তারা।এছাড়া ফ্লাইট পরিচালনা সহজ করতে ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সৌদিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহার করছে। ফলে উড়োজাহাজ পরিচালনায় জটিলতা অনেক কমে এসেছে ও সার্বিক সেবার মান উন্নত হয়েছে।সৌদিয়া গ্রুপের ডিরেক্টর জেনারেল ইব্রাহিম আল-ওমর জানান, বিশ্বজুড়ে শীর্ষ অবস্থান ধরে রাখতে ধারাবাহিক প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলে নিয়মিত বিনিয়োগের কারণেই তারা গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে পারছেন।তিনি আরো জানান, সংস্থাটির মূল লক্ষ্য সময়ানুবর্তিতাকে কেবল একটি সাময়িক অর্জন হিসেবে না রেখে যাত্রী সেবার স্থায়ী মানে পরিণত করা। এটি সৌদি আরবের জাতীয় এভিয়েশন কৌশল বাস্তবায়নেও বড় অবদান রাখছে।উল্লেখ্য, হজ ও গ্রীষ্মকালীন ছুটির মতো ব্যস্ত মৌসুমে বিশাল উড়োজাহাজচাপ থাকা সত্ত্বেও চলতি বছর তিনবার বিশ্ব তালিকায় শীর্ষস্থান দখল করল সৌদিয়া। অন্যদিকে যাত্রীদের সেবা ও অভিযোগ নিষ্পত্তিতেও শীর্ষে রয়েছে উড়োজাহাজ সংস্থাটি।সম্প্রতি সৌদি আরবের সাধারণ বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (গাকা) প্রকাশিত জুনের অভিযোগ সূচকে দেখা যায়, প্রতি ১ লাখ যাত্রীর বিপরীতে সৌদিয়ার বিরুদ্ধে অভিযোগ এসেছে ৩৯টি। এটি অন্যান্য দেশের এয়ারলাইনসের তুলনায় অনেক কম।