বোয়িং ৭৩৭ ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি শনাক্ত
ঢাকাঃ বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে একটি সফটওয়্যার ত্রুটি শনাক্ত হয়েছে, যার কারণে অবতরণের সময় স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা ব্যর্থ হতে পারে। এতে নির্দিষ্ট পরিস্থিতিতে উড়োজাহাজের অবতরণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে মার্কিন একটি সংবাদমাধ্যম।প্রতিবেদন অনুযায়ী, ককপিটের একটি সফটওয়্যার হালনাগাদের পর এ ত্রুটির বিষয়টি সামনে আসে। কোনো উড়োজাহাজ অবতরণের সময় নির্ধারিত পথে যেতে না পেরে পুনরায় উড্ডয়ন করে এবং পরে তার পরিকল্পিত উড্ডয়নপথ পরিবর্তন করলে নির্দিষ্ট পরিস্থিতিতে সমস্যাটি দেখা দিতে পারে।এ ধরনের পরিস্থিতিতে পাইলটরা স্বয়ংক্রিয় উড্ডয়ন নির্দেশনা ব্যবস্থার সুবিধা নাও পেতে পারেন। ফলে অবতরণের গুরুত্বপূর্ণ পর্যায়ে স্বয়ংক্রিয় নেভিগেশন সহায়তা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ তথ্য পর্যালোচনা করছে।বোয়িং জানিয়েছে, গত আগস্টেই ৭৩৭ ম্যাক্স পরিচালনাকারী সংস্থাগুলোকে সফটওয়্যার সমস্যার বিষয়ে জানানো হয়েছে। নির্দিষ্ট অবতরণ পরিস্থিতিতে পাইলটদের স্বয়ংক্রিয় উড্ডয়ন নির্দেশনা ব্যবস্থা ব্যবহার করতে না পারার সম্ভাবনা সম্পর্কে তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান নিরাপদ পরিচালন পদ্ধতি অনুসরণ করার বিষয়টিও জানানো হয়েছে।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের জন্য প্রকৌশলীরা সফটওয়্যারের নতুন সংস্করণ তৈরির কাজ করছেন।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, কতগুলো ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে বর্তমানে ত্রুটিযুক্ত সফটওয়্যার রয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট কিছু মার্কিন উড়োজাহাজ সংস্থা ত্রুটিযুক্ত সফটওয়্যারযুক্ত নতুন ৭৩৭ ম্যাক্স সরবরাহ না করে আগের সংস্করণের সফটওয়্যারযুক্ত উড়োজাহাজ নেওয়ার অনুরোধ করেছে।সর্বশেষ ত্রুটিটি ককপিট সফটওয়্যার হালনাগাদের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি পর্যালোচনার পাশাপাশি সমস্যাটি স্থায়ীভাবে সমাধানে কাজ করছে বোয়িং।বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ এর আগেও বিভিন্ন নিরাপত্তা ও প্রযুক্তিগত সমস্যার কারণে নিয়ন্ত্রক নজরদারির মধ্যে ছিল। তবে সর্বশেষ সফটওয়্যার ত্রুটির কারণে পুরো ৭৩৭ ম্যাক্স বহরের উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এমন কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।