
ঢাকাঃ কর্মক্ষেত্র নিরাপদ রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে নারী কেবিন ক্রুদের দায়ের করা এক দশকের পুরোনো একটি মামলা ৪.৫ মিলিয়ন কানাডীয় ডলারে নিষ্পত্তি করতে রাজি হয়েছে কানাডার উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি।সমঝোতার শর্ত ইতিমধ্যে অনুমোদন করেছে ব্রিটিশ কলম্বিয়ার একটি আদালত।২০১৬ সালে ওয়েস্টজেটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সাবেক কেবিন ক্রু ম্যান্ডালেনা লুইস।তার অভিযোগ ছিল, ২০১০ সালে হাওয়াইয়ে একটি লে-ওভারের সময় ওয়েস্টজেটের এক পাইলট তাকে যৌন নির্যাতন করেন। তার দাবি, একই পাইলট এর আগে ২০০৮ সালে আরেক নারী ফ্লাইট অ্যাটেনডেন্টকেও যৌন নির্যাতন করেছিলেন।লুইস অভিযোগ করেন, তিনি ঘটনাটি ওয়েস্টজেটকে জানানোর পরও সংশ্লিষ্ট পাইলটকে কাজে বহাল রাখা হয়। এমনকি তিনি দাবি করেন, পুলিশ যাতে হাওয়াইয়ে ওই পাইলটকে জিজ্ঞাসাবাদ করতে না পারে, সে জন্য তাকে অন্য রুটে পাঠানো হয়েছিল।পরে ২০১৬ সালে লুইসকে ‘চরম অবাধ্যতার’ অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে লুইস ও তার আইনজীবীরা দাবি করেন, প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি চাওয়ার কারণে তাকে প্রতিশোধমূলকভাবে বরখাস্ত করা হয়।২০১৮ সালে ইউএস অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস ৩ হাজার ৫০০ জনের বেশি কেবিন ক্রুর ওপর একটি জরিপ চালায়। এতে দেখা যায়, ৬৮ শতাংশ কর্মী তাদের কর্মজীবনে যৌন হয়রানির শিকার হয়েছেন।এদিকে, সাবেক কেবিন ক্রু লুইসের নিপীড়নের অভিযোগ, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখতে ব্যর্থতা কিংবা যৌন নিপীড়নের অভিযোগ সঠিকভাবে তদন্ত না করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওয়েস্টজেট।অন্যদিকে, এক বিবৃতিতে কানাডার উড়োজাহাজ পরিবহন সংস্থা ওয়েস্টজেট বলেছে, ‘উভয় পক্ষের সম্মতিক্রমে এই সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা আনন্দিত। আমরা ওয়েস্টজেটের প্রতিটি কর্মীর সুরক্ষা ও সুরক্ষাকে প্রাধান্য দিয়ে আমাদের কার্যক্রম ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
