
ঢাকাঃ দ্রুত সম্প্রসারিত উড়োজাহাজ পরিবহন বাজার, ইউরোপ ও উত্তর আমেরিকায় বিপুলসংখ্যক প্রবাসী এবং রপ্তানিনির্ভর অর্থনীতির কারণে বাংলাদেশের আকাশপথে যাত্রী ও কার্গো পরিবহনের সম্ভাবনা যথেষ্ট। অথচ এসব সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পশ্চিম ইউরোপের শীর্ষস্থানীয় কোনো এয়ারলাইন নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে না।ঢাকা-ইস্তাম্বুল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে টার্কিশ এয়ারলাইনস। পাশাপাশি ইউরোপের সঙ্গে নিজস্ব আকাশপথের যোগাযোগ বজায় রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা, এয়ার ফ্রান্স, কেএলএম ও সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের মতো পশ্চিম ইউরোপের বড় নেটওয়ার্কভিত্তিক উড়োজাহাজ সংস্থাগুলোর কোনোটি এখনো ঢাকায় নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করেনি। আরও বিস্ময়কর বিষয় হলো, যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইনও বাংলাদেশের বাজারে ফ্লাইট পরিচালনা করছে না।ইউরোপ ও উত্তর আমেরিকার সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য যাত্রী ও পণ্য পরিবহন চাহিদা থাকা সত্ত্বেও এ পরিস্থিতি বেশ ব্যতিক্রমী। বিষয়টি কেবল আন্তর্জাতিক যোগাযোগ বা মর্যাদার প্রশ্ন নয়; বরং বাংলাদেশের বিমান পরিবহনশিল্প, রপ্তানিকারক, পর্যটন খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে না পারার চিত্রও তুলে ধরে।স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিপুল যাত্রী ও কার্গো পরিবহনের সম্ভাবনা থাকা সত্ত্বেও পশ্চিম ইউরোপের বড় এয়ারলাইনগুলো কেন বাংলাদেশ থেকে দূরে রয়েছে? কী কারণে ঢাকায় ফ্লাইট পরিচালনায় আগ্রহী হচ্ছে না তারা?সম্প্রসারিত বাজার, আধিপত্য বিদেশি এয়ারলাইনগুলোরঅর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান, মধ্যবিত্ত শ্রেণির বিস্তার এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশের উড়োজাহাজ পরিবহন বাজার উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করেছেন। তাঁদের মধ্যে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩ লাখ ১০ হাজার।বাজারের এই প্রবৃদ্ধি সত্ত্বেও বিদেশি এয়ারলাইনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের দুই এয়ারলাইন—বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৫ সালে এ দুই বাংলাদেশি এয়ারলাইন সম্মিলিতভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৪০ শতাংশ পরিবহন করেছে। বাকি প্রায় ৬০ শতাংশ যাত্রী পরিবহন করেছে ৩৮টি বিদেশি এয়ারলাইন।বিশেষ করে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনগুলো বাংলাদেশের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। নিজ নিজ দেশের ট্রানজিট হাব ব্যবহার করে তারা বাংলাদেশি যাত্রীদের ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছে।খাতসংশ্লিষ্ট পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের যাত্রী পরিবহন বাজার ২ কোটি ৫০ লাখে পৌঁছাতে পারে। তবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) পূর্বাভাস অনুযায়ী, একই সময়ের মধ্যে শুধু ঢাকার আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পরিমাণ দাঁড়াতে পারে ২ কোটি। যাত্রী চাহিদার এমন সম্ভাব্য প্রবৃদ্ধি নতুন আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর জন্য বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার কথা।কিন্তু বাজারের এই সম্ভাবনা থাকা সত্ত্বেও পশ্চিম ইউরোপের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোর অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—বাংলাদেশ কেন তার ক্রমবর্ধমান উড়োজাহাজ পরিবহন বাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সরাসরি আকাশ যোগাযোগ আরও সম্প্রসারণ করতে পারছে না?পশ্চিম ইউরোপের এয়ারলাইনগুলোর সরাসরি ফ্লাইট বন্ধএকসময় পশ্চিম ইউরোপের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগ ছিল। স্বাধীনতার পর তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তবে বাণিজ্যিক কারণ দেখিয়ে ২০০৯ সালের মার্চে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এয়ারলাইনটি।নব্বইয়ের দশকের শুরুর দিকে আমস্টারডাম, দুবাই ও ঢাকার মধ্যে ফ্লাইট পরিচালনা করেছিল নেদারল্যান্ডসভিত্তিক কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস। তবে বাংলাদেশে তাদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী।২০০৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজের প্রস্থান পশ্চিম ইউরোপের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগের ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হয়। এরপর থেকে পশ্চিম ইউরোপের কোনো বড় এয়ারলাইন ঢাকায় নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করেনি।পরবর্তী সময়ে ২০১০ সালের ডিসেম্বরে ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করে টার্কিশ এয়ারলাইনস। ইস্তাম্বুলকে আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে বর্তমানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশি যাত্রীদের সংযোগ দিচ্ছে এয়ারলাইনটি। ফলে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে তারা।তবে ইস্তাম্বুলভিত্তিক টার্কিশ এয়ারলাইনসের উপস্থিতিকে পশ্চিম ইউরোপের বড় নেটওয়ার্কভিত্তিক এয়ারলাইনগুলোর সরাসরি ফ্লাইট পরিচালনার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। ভৌগোলিকভাবে তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হলেও দেশটি পশ্চিম ইউরোপের অংশ নয়।অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিজস্ব ফ্লাইটের মাধ্যমে রোম ও লন্ডনসহ ইউরোপের কয়েকটি গন্তব্যের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তবে ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা, এয়ার ফ্রান্স ও কেএলএমের মতো এয়ারলাইনগুলোর অনুপস্থিতির কারণে ইউরোপগামী যাত্রীদের বড় অংশকে বিদেশি এয়ারলাইনগুলোর ট্রানজিট হাবের ওপর নির্ভর করতে হচ্ছে।উত্তর আমেরিকার বাজারে পরিস্থিতি আরও হতাশাজনক। যুক্তরাষ্ট্র ও কানাডায় বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করলেও ঢাকায় কোনো মার্কিন এয়ারলাইন নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে না। ফলে উত্তর আমেরিকার সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি রয়ে গেছে।প্রবাসী যাত্রীদের বিশাল বাজারবিশ্বের বিভিন্ন দেশে লাখো বাংলাদেশি বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁদের নিয়মিত যাতায়াতের কারণে আন্তর্জাতিক বিমান পরিবহনে বাংলাদেশের একটি বড় ও ধারাবাহিক যাত্রীবাজার তৈরি হয়েছে। বিদেশে কর্মসংস্থানের প্রধান গন্তব্য এখনো মধ্যপ্রাচ্য। তবে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, গ্রিস, নেদারল্যান্ডস এবং স্ক্যান্ডিনেভীয় দেশগুলোতেও বাংলাদেশিদের সুপ্রতিষ্ঠিত প্রবাসী জনগোষ্ঠী রয়েছে।একইভাবে পারিবারিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিমান পরিবহন বাজার।পশ্চিম ইউরোপের বড় এয়ারলাইন এবং যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইনের সরাসরি ফ্লাইট না থাকায় এসব দেশের যাত্রীদের বড় অংশকে দুবাই, দোহা, আবুধাবি, ইস্তাম্বুল, সিঙ্গাপুর, কুয়ালালামপুরসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ট্রানজিট হাব ব্যবহার করতে হচ্ছে।এ ধরনের সংযোগনির্ভর যাত্রায় ভ্রমণের সময় বেড়ে যায়, অনেক ক্ষেত্রে বাড়তি ব্যয় বহন করতে হয় এবং যাত্রীদের পছন্দের সুযোগও সীমিত থাকে। বিপরীতে, সরাসরি আকাশ যোগাযোগ বাড়ানো গেলে যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হতে পারে। পাশাপাশি ইউরোপ ও উত্তর আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, পর্যটন সম্প্রসারণ এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও তা ভূমিকা রাখতে পারে।ইউরোপ ও আমেরিকার এয়ারলাইনগুলোর জন্য বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্ভাবনা। এর সঙ্গে ক্রমবর্ধমান ব্যবসায়িক ও অবকাশযাপনকেন্দ্রিক ভ্রমণের চাহিদা যুক্ত হলে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার বাজার আরও আকর্ষণীয় হয়ে ওঠার কথা।কার্গো পরিবহনে সবচেয়ে বড় বাণিজ্যিক সম্ভাবনাযাত্রী পরিবহনের পাশাপাশি বাংলাদেশের আকাশপথে পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনাও ইউরোপ ও উত্তর আমেরিকার এয়ারলাইনগুলোর জন্য আকর্ষণীয় বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে।বিশ্বের শীর্ষ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারক দেশগুলোর একটি বাংলাদেশ। ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় এ দেশ থেকে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর প্রয়োজনীয়তার কারণে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, তাজা শাকসবজি, ফলমূল, সামুদ্রিক খাদ্য, যন্ত্রপাতি এবং অন্যান্য উচ্চমূল্যের পণ্য পরিবহনেও আকাশপথের ওপর নির্ভরতা রয়েছে।বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোট আকাশপথে রপ্তানিকৃত পণ্যের প্রায় ৫৬ শতাংশ যায় ইউরোপে এবং প্রায় ২২ শতাংশ যুক্তরাষ্ট্রে। অর্থাৎ, সম্মিলিতভাবে এ দুই বাজারে যায় দেশের আকাশপথে রপ্তানি করা পণ্যের প্রায় ৭৮ শতাংশ।এই সম্ভাবনার ব্যাপ্তি আরও স্পষ্ট হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিসংখ্যানে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ভারতের বিভিন্ন বিমানবন্দর দিয়ে ৩৬টি দেশে ৩৪ হাজার ৯০০ টনের বেশি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। এসব পণ্যের রপ্তানিমূল্য ছিল প্রায় ৪৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গন্তব্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স অন্যতম।এ পরিসংখ্যান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। বিপুল পরিমাণ রপ্তানি পণ্য অন্য দেশের বিমানবন্দর ব্যবহার করে পরিবহন করায় সম্ভাব্য কার্গো হ্যান্ডলিং, এয়ারলাইন ও বিমানবন্দর রাজস্বের একটি বড় অংশ দেশের বাইরে থেকে যাচ্ছে।ইউরোপ ও উত্তর আমেরিকার বড় এয়ারলাইনগুলোর সরাসরি ফ্লাইট চালু হলে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে, বিদেশি ট্রানজিট হাবের ওপর নির্ভরতা কমবে এবং রপ্তানিকারকদের পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছানো সহজ হবে।ইউরোপে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, আমস্টারডাম, রোম, মিলান ও জুরিখ এবং উত্তর আমেরিকায় নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস ও টরন্টো হতে পারে সম্ভাবনাময় গন্তব্য। যাত্রীবাহী উড়োজাহাজের নিচের কার্গো কম্পার্টমেন্ট বা বেলি-হোল্ড ব্যবহার করে প্রাথমিকভাবে পণ্য পরিবহন শুরু করা যেতে পারে। পরবর্তী সময়ে কার্গোর পরিমাণ বাড়লে পৃথক কার্গো উড়োজাহাজ পরিচালনার সুযোগও তৈরি হতে পারে।বাংলাদেশ ইতিমধ্যে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা দেখিয়েছে। ২০২৫ সালের এপ্রিল ও মে মাসে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষায়িত কার্গো উড়োজাহাজে সরাসরি স্পেনে তৈরি পোশাক পাঠানো হয়। প্রতিটি চালানে পণ্যের পরিমাণ ছিল প্রায় ৫৮ থেকে ৬০ টন।এ ছাড়া ২০২৬ সালের এপ্রিল থেকে ঢাকায় সপ্তাহে একটি বিশেষায়িত কার্গো ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে এমিরেটস স্কাইকার্গো। বাংলাদেশের পণ্য পরিবহনে ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি এ উদ্যোগের মধ্য দিয়েও স্পষ্ট হয়েছে।সব মিলিয়ে বাংলাদেশের আকাশপথে কার্গো পরিবহনের সম্ভাবনা যথেষ্ট। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পর্যাপ্ত পরিবহন সক্ষমতা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং নির্ভরযোগ্য ও আধুনিক কার্গো হ্যান্ডলিং অবকাঠামো।পশ্চিমা এয়ারলাইনগুলো কেন আসছে না ঢাকায়?ঢাকায় পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইনগুলোর অনুপস্থিতির কারণ শুধু যাত্রী চাহিদার অভাব নয়। পরিচালনাগত, বাণিজ্যিক ও নীতিগত নানা বিষয় এর পেছনে ভূমিকা রাখতে পারে।বিমানবন্দরের উচ্চ চার্জ, জ্বালানি ব্যয়, গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ, করের বোঝা, পরিচালনাগত অদক্ষতা এবং নীতিগত অনিশ্চয়তা—সব মিলিয়ে কোনো রুটের বাণিজ্যিক সম্ভাব্যতা ও মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।এ ছাড়া কার্গো স্ক্রিনিং, কার্গো টার্মিনালের সক্ষমতা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে উচ্চমূল্যের পণ্য পরিবহনে নিয়োজিত আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর আস্থা অর্জনের ক্ষেত্রে এসব সীমাবদ্ধতা বড় বাধা হয়ে উঠতে পারে।বিমানবন্দরের অবকাঠামোও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের যাত্রী ও কার্গো সেবা নিশ্চিত করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, এর কার্যকর পরিচালনা ও সেবার মানও আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর প্রত্যাশা পূরণে সক্ষম হতে হবে।একই সঙ্গে পূর্বানুমানযোগ্য ও স্থিতিশীল নিয়ন্ত্রক নীতি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমান চলাচল নিরাপত্তা ও সুরক্ষামান, দ্রুত ও কার্যকর কাস্টমস ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক পরিচালন ব্যয় নিশ্চিত করা জরুরি।এয়ারলাইনগুলো কোনো নতুন রুট চালুর সিদ্ধান্ত নেয় মূলত তার বাণিজ্যিক সম্ভাব্যতা বিবেচনা করে। যাত্রীপ্রতি আয়, কার্গো থেকে রাজস্ব, উড়োজাহাজের ব্যবহারযোগ্যতা এবং সামগ্রিক পরিচালন পরিবেশ—সবকিছুই তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। ফলে নতুন আন্তর্জাতিক এয়ারলাইন আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে এসব ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।বিদেশি এয়ারলাইন আকৃষ্ট করতে চাই সক্রিয় উদ্যোগআন্তর্জাতিক আকাশ যোগাযোগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও এশিয়ার এয়ারলাইনগুলোর ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা থেকে বাংলাদেশের বেরিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে দেশের প্রধান যাত্রী ও রপ্তানি পণ্যের বাজার যখন ইউরোপ ও উত্তর আমেরিকায় বিস্তৃত, তখন এসব অঞ্চলের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক এয়ারলাইন আকর্ষণ কর্মসূচি গ্রহণ করা উচিত। এর আওতায় পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার সম্ভাবনাময় এয়ারলাইনগুলো চিহ্নিত করে তাদের কাছে বাংলাদেশের যাত্রী ও কার্গো পরিবহনের বাজার নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা ও বাণিজ্যিক সম্ভাব্যতার তথ্য তুলে ধরতে হবে।বিদেশি এয়ারলাইনগুলোর আগ্রহের অপেক্ষায় বসে না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাদের রুট পরিকল্পনা ও বাণিজ্যিক বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ঢাকায় ফ্লাইট পরিচালনার পক্ষে যাত্রী চাহিদা, কার্গো পরিবহনের সম্ভাবনা এবং সম্ভাব্য মুনাফার একটি সুস্পষ্ট চিত্র তাদের সামনে তুলে ধরতে হবে।এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিযোগিতামূলক বিমানবন্দর চার্জ, উন্নত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা, নতুন রুট চালুতে সহায়তা, যৌথ বিপণন কার্যক্রম এবং স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করা জরুরি।একই সঙ্গে বাংলাদেশের শক্তিশালী রপ্তানি ভিত্তি ও ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে ঢাকাকে আঞ্চলিক কার্গো পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখা প্রয়োজন।বিদেশি এয়ারলাইন আকৃষ্ট করার অর্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনস কিংবা ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বার্থ ক্ষুণ্ন করা নয়। বরং প্রতিযোগিতা বাড়লে যাত্রীসেবার মান উন্নত হবে, ভাড়া আরও প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক আকাশ যোগাযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের এয়ারলাইনগুলোর জন্যও নিজস্ব রুট নেটওয়ার্ক সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।স্বাধীনতার ৫৫ বছর পরও বিশ্বের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে দেশের মানুষ ও রপ্তানি পণ্যের যোগাযোগের জন্য বিদেশি বিমানবন্দরগুলোর ওপর এত বেশি নির্ভরশীল থাকা কাম্য নয়।বাংলাদেশের রয়েছে পর্যাপ্ত যাত্রীভিত্তি, বিশাল প্রবাসী বাজার এবং রপ্তানি পণ্য পরিবহনের বিপুল সম্ভাবনা। বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনগুলোকে আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় বাজারও রয়েছে। এখন প্রয়োজন একটি সুপরিকল্পিত জাতীয় কৌশল, প্রতিযোগিতামূলক পরিচালন পরিবেশ এবং বিদ্যমান সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কার্যকর ও দূরদর্শী উদ্যোগ।ঢাকায় পশ্চিম ইউরোপের বড় এয়ারলাইনগুলোর অনুপস্থিতি কেবল আন্তর্জাতিক আকাশ যোগাযোগের ঘাটতি নয়; এটি বাংলাদেশের জন্য একটি বড় বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগ হারানোরও নাম। এই সম্ভাবনাকে আর উপেক্ষা করার সুযোগ নেই।













