
ঢাকাঃ যাত্রী সংখ্যা বাড়লেও চলতি বছর বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থাগুলোর মুনাফা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।উড়োজাহাজ পরিবহন খাতের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানায়।বিশ্বের ৮৫ শতাংশ আকাশপথ নিয়ন্ত্রণকারী ৩৭০টি উড়োজাহাজ সংস্থার প্রতিনিধিত্ব করে আইএটিএ।সংগঠনটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থাগুলোর সম্মিলিত নিট মুনাফা হতে পারে ২ হাজার ৩০০ কোটি ডলার। অন্যদিকে এর আগে এ মুনাফার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ১০০ কোটি ডলার। এমনকি গত বছর অর্থাৎ ২০২৫ সালেও এ খাতের মুনাফা ছিল ৪ হাজার ৫০০ কোটি ডলার। সে তুলনায় চলতি বছর মুনাফা প্রায় অর্ধেকে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।আইএটিএ জানায়, মুনাফা কমলেও উড়োজাহাজ খাতে যাত্রী সাধারণের চাহিদা ও আয়ের দিক থেকে নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে। চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ড ৫১০ কোটি যাত্রী আকাশপথে ভ্রমণ করবেন, যা গত বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ বেশি।সংগঠনটির মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত অস্থিরতা ও জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি উড়োজাহাজ সংস্থাগুলোর ব্যবসায়িক অবস্থাকে খারাপের দিকে নিয়ে গেছে।"প্রতিবেদনে দেখা যায়, যাত্রীর সঙ্গে তাল মিলিয়ে উড়োজাহাজ সংস্থাগুলোর পরিচালন ব্যয়ও ব্যাপক হারে বাড়ছে। গত বছরের তুলনায় এবার পরিচালন ব্যয় ১৩ শতাংশ বেড়ে ১ লাখ ১২ হাজার কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর মূল কারণ উড়োজাহাজের জ্বালানি খরচ। ২০২৫ সালে যেখানে জ্বালানি বাবদ খরচ ছিল ২৫ হাজার ২০০ কোটি ডলার, ২০২৬ সালে তা প্রায় ৪০ শতাংশ বেড়ে ৩৫ হাজার কোটি ডলারে ঠেকবে।
