মাঝ আকাশে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি


ঢাকাঃ উড্ডয়নের শুরুর পরেই উড়োজাহাজের চাকার টায়ার খুলে যায়। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কাঁপতে শুরু করে এটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইরানে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটি ও তীব্র কম্পনের কারণে সেপেহরান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ মাশহাদ বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ভয়ংকর সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। তবে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর উড়োজাহাজটিতে সমস্যা দেখা দেয়।
জানা গেছে, উড়োজাহাজের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পর উড়োজাহাজটি মাঝ-আকাশে তীব্রভাবে কাঁপতে শুরু করে। সঙ্গে সঙ্গে যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলটরা। কিছক্ষণ পরে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি মাশহাদে নিরাপদে অবতরণ করে।
উড়োজাহাজে থাকা যাত্রীরা তীব্র কম্পনের সেই মুহূর্তগুলোকে ভয়ংকর বলে বর্ণনা করেছেন। এই ঝাঁকুনিতে উড়োজাহাজের কেবিনের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে পড়ে।
ইরান কর্তৃপক্ষ এখনো এ ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো বিবৃতি দেননি।










