সব ফ্লাইট বাতিল করলো নর্স আটলান্টিক এয়ারওয়েজ


ঢাকাঃ জরুরি স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহে ব্যর্থ হয়ে সব ফ্লাইট বাতিল করেছে সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা নর্স আটলান্টিক।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের সব ধরনের টিকিট বিক্রিও স্থগিত করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নরওয়েতে প্রতিষ্ঠানটির মূল পরিচালনাকারী সহযোগী শাখা দেউলিয়া ঘোষণার আবেদন করার সিদ্ধান্ত নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
মূল কোম্পানি ‘নর্স আটলান্টিক এএসএ’ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘নর্স আটলান্টিক এয়ারওয়েজ এএস’-এর পরিচালনা পর্ষদ সংস্থাটির কার্যক্রম আর চালিয়ে নেওয়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে।
এ কারণে নরওয়ের অ্যাগডার জেলা আদালতে দেউলিয়া ঘোষণার আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া অনুযায়ী, আদালত এখন দেউলিয়া কার্যক্রম তদারকি করতে একজন ট্রাস্টি নিয়োগ করবে।
তবে মূল কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই দেউলিয়া আবেদনটি কেবল নরওয়ের পরিচালনাকারী সহযোগী শাখার জন্যই প্রযোজ্য।










