উড়োজাহাজে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


ঢাকাঃ টোকিও থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এক যাত্রীর স্মার্টফোনে আগুন ধরে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটের যাত্রীরা।
সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) টোকিওর হানেদা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১টার পর ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কেবিনের ভেতর ধোঁয়া দেখতে পান যাত্রী ও ক্রুরা। ক্রুরা তাৎক্ষণিকভাবে ফ্লাইটের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাপানের পরিবহন মন্ত্রণালয় ও টোকিও ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লেগেছিল এক যাত্রীর ব্যাগের ভেতরে রাখা স্মার্টফোনে। ঘটনার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে আবার পার্কিংয়ে ফিরিয়ে নেয়। দমকল ও জরুরি বিভাগের কর্মীরা বিমানে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী ও ক্রু ছিলেন। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। নিরাপত্তা যাচাই শেষে প্রায় এক ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ছেড়ে যায়।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্লাইটটি নিরাপদেই পরিচালিত হয়েছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে নেমেছেন।
উল্লেখ্য, এটি ব্রিটিশ এয়ারওয়েজের জন্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা। এর কয়েকদিন আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ফোনে আগুন লাগে। সে সময় কেবিনের কিছু অংশ পুড়ে যায় এবং ফ্লাইটটিকে জরুরি অবতরণ করতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত ডিভাইস থেকে ফ্লাইটে আগুনের ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষগুলো নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।










