পর্যটনে নতুন মাত্রা : কলম্বিয়ায় জমকালো‘টমেটো উৎসব’


ঢাকাঃ স্পেনের বিখ্যাত টমেটিনা উৎসবের আদলে কলম্বিয়ার সুতামারচান শহরে অনুষ্ঠিত হয়ে গেল ১৬তম টমেটো যুদ্ধ উৎসব ‘গ্রান টমেটিনা কোলোম্বিয়ানা’। ৬ ও ৭ জুন এই উৎসবে প্রায় ২৫ থেকে ৩০ হাজার দেশি-বিদেশি দর্শনার্থীর সমাগম ঘটে, যা স্থানীয় পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে।
এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্ধারিত বিশেষ থিম। ‘লা টমেটিনা তাম্বিয়েন এস মুন্ডিয়াল’ (টমেটিনাও এখন বিশ্বকাপ) স্লোগানে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের ফুটবল জার্সির আদলে পোশাক পরে মেতে ওঠেন এই টমেটো যুদ্ধে। সুতামারচান মিউনিসিপ্যাল স্টেডিয়ামে এই পর্বের জন্য প্রায় ৪০ টন টমেটো ব্যবহার করা হয়। খেলা শেষে ফায়ার সার্ভিসের পানির হোস পাইপ দিয়ে অংশগ্রহণকারীদের গা থেকে টমেটোর রস ধুয়ে ফেলা হয়।
টমেটো যুদ্ধ ছাড়াও এই আয়োজনে ম্যারাথন দৌড়, ঐতিহ্যবাহী নৃত্য, ব্যান্ড সংগীত এবং সবচেয়ে বড় টমেটো নির্বাচনের মতো মজার প্রতিযোগিতা ছিল।
২০০৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া এই উৎসবটি করোনাকালীন মহামারি ও টমেটোর উচ্চমূল্যের কারণে টানা তিন বছর বন্ধ থাকার পর এবার পূর্ণ জৌলুসে ফিরে এসেছে, যা স্থানীয় প্রায় ২১০০ টমেটো চাষীর অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।










