কাঠামোগত ত্রুটি - ১৯০০ বোয়িং ৭৩৭ পরিদর্শনের নির্দেশ


ঢাকাঃ বাণিজ্যিক উড়োজাহাজ ও নভোযান প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি বোয়িংয়ের ৭৩৭ সিরিজের ১ হাজার ৯০০টি উড়োজাহাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
অভিযোগ, এ উড়োজাহাজগুলোতে গুরুতর কাঠামোগত ও যান্ত্রিক ত্রুটি রয়েছে।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রুটিযুক্ত উড়োজাহাজগুলো সব বোয়িং ৭৩৭ সিরিজের ম্যাক্স ৮, ম্যাক্স ৯ এবং ৭৩৭-৮২০০ মডেলের। এসব উড়োজাহাজের ৪৭১টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নিবন্ধিত এবং বাকি ১ হাজার ৪২৯টি আন্তর্জাতিক ফ্লাইটে চলাচল করে।
এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে কোনো ত্রুটি শনাক্ত করা যায়নি। তবে, আগের প্রজন্মের বোয়িং ৭৩৭ উড়োজাহাজে একই ধরনের কাঠামোগত সমস্যা শনাক্ত হওয়ার এফএএ নিশ্চিত হতে চাইছে যে সিরিজের নতুন উড়োজাহাজগুলো অক্ষত রয়েছে কি-না। তাই এই পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এই পরিদর্শনে ‘বেয়ার স্ট্র্যাপ’ নামের একটি কাঠামোগত উপকরণ পরীক্ষা করা হবে। এটি উড়োজাহাজের গ্যালি বা রান্নাকক্ষের কাছে সামনের সার্ভিস ডোরের চারপাশে থাকে।
এফএএ বলেছে, সময়ের সঙ্গে সঙ্গে উড্ডয়ন ও অবতরণের ফলে সৃষ্ট বারবার চাপের কারণে দরজার কোণার কাছে ফাটল দেখা দিতে পারে।
বোয়িং জানিয়েছে, তারা ২০১৯ সালে পূর্ববর্তী প্রজন্মের ৭৩৭ উড়োজাহাজের অপারেটরদের এই সমস্যাটি সম্পর্কে প্রথম সতর্ক করেছিল এবং সেই সময়ে পরিদর্শনের জন্য নির্দেশিকা জারি করেছিল। নকশা ও উৎপাদন পদ্ধতির সাদৃশ্যের কারণে ২০২৪ সালে তৈরি করা ৭০৭ সিরিজের ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলোকেও পরিদর্শনের জন্য অপারেটরদের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছে বোয়িং।
বোয়িংয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, কোম্পানির পক্ষ থেকে ফাটলের মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ভবিষ্যতের উড়োজাহাজে যেন এ ধরনের সমস্যা দেখা না দেয়, সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সসহ প্রধান মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলো জানিয়েছে যে তারা এফএএ’এর নির্দেশিকা মেনে চলবে।
ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানি আশা করছে যে এফএএর পরিদর্শনের কারণে কোম্পানির কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।










