১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

ঢাকা: দেশ-বিদেশের ৬৫৪টি প্রতিষ্ঠানের ৯৬১টি স্টল নিয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য ও উৎপাদনে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ মেলা উদ্বোধন করেন।
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ) ও ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আন্তর্জাতিক এ মেলা আমাদের বড় রকমের দিকনির্দেশনা দেয়। আমাদের অভ্যন্তরীণ মার্কেটও গুরুত্বপূর্ণ মার্কেট। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্লাস্টিক শিল্পনগরী হচ্ছে, ক্ষুদ্র শিল্পনগরী হচ্ছে। আমি বিশ্বাস করি, এ সরকারের আমলে আপনারা এই সুযোগ-সুবিধাগুলো পাবেন।’
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট এমএস হোসনা ফেরদাউস সুমি বলেন, ‘১ দশমিক ২ মিলিয়ন কর্মীর কর্মসংস্থানেরর সঙ্গে এ সেক্টর জড়িত। প্রতিযোগিতামূলত বৈশ্বিক বাজারের জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার।’
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় পলিসি সাপোর্ট দিচ্ছে। প্লাস্টিক সেক্টর নতুন রাফতানি খাত হিসেবে অবস্থান তৈরি করে নেবে বলে আমার প্রত্যাশা। প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিতে নতুন নতুন বাজার খুঁজতে হবে। আমরা নীতিগত সহায়তা দিই। প্লাস্টিককে জুটের সঙ্গে কম্বাইন্ড করতে হবে। প্লাস্টিক রিসাইক্লিং আগামীতে বড় শিল্প হবে।’
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, ‘মেলায় দেশী ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল অংশগ্রহণ করছে। দেশী-বিদেশী মিলিয়ে মোট স্টল ৯৬১টি। ৮৫০ ভিসা লেটার ইস্যু করা হয়েছে। প্রায় ২০টি দেশ থেকে প্রতিনিধিরা এ ফেয়ারে অংশ নিচ্ছেন। দেশগুলোর মধ্য রয়েছে চীন, তাইওয়ান, ভারত, বেলজিয়াম, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, হংকং, ইতালি, জার্মানি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং লিমিটেডের সভাপতি জুডি ওয়াং।
-B










