সেন্টমার্টিনে ৩ জাহাজকে জরিমানা

বর্জ্য ফেলে সাগরের পানিদূষণের দায়ে সেন্টমার্টিন দ্বীপের সাথে চলাচলকারী তিনটি পর্যটকবাহী জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, 'আমি এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-মানবসম্পদ) নাসিম আহমদ আজ বৃহস্পতিবার টেকনাফ থেকে সেন্টমার্টিন আসছিলাম। আমরা দেখতে পাই নাফ নদের মোহনায় সাগরের পানিতে একে একে তিনটি জাহাজ থেকে বর্জ্য নিক্ষেপ করা হচ্ছে।
' তিনি বলেন, 'সেন্টমার্টিন দ্বীপ সন্নিহিত সাগরবক্ষের পরিবেশ রক্ষায় সরকার অনেক বেশি জোর দিচ্ছে, প্রতিনিয়ত বিষয়টি সংশ্লিষ্টদের বোঝানো হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। '
ইউএনও জানান, 'দ্বীপের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক দ্বীপে যাচ্ছিলেন। আর সেখানেই পর্যটকবাহী জাহাজ থেকে বর্জ্য ফেলে পরিবেশ ধ্বংসের চিত্র তাঁরা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। বিষয়টি দ্বীপে অবস্থানরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরে তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দ্বীপের জাহাজ ঘাটে এসে পারিজাত, বে ক্রুজ ও ফারহান নামের তিনটি জাহাজকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। '
প্রসঙ্গত, সেন্টমার্টিন দ্বীপে বর্তমানে ১০টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। এসব জাহাজে প্রতিদিন দ্বীপ ভ্রমণ করছে পাঁচ-ছয় হাজার পর্যটক। অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে দ্বীপেও ভ্রমণকারীর সংখ্যা বেড়ে গেছে। এ কারণে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত ফাংশনাল কমিটি মাত্র দুটি জাহাজ চলাচলের ওপর গুরুত্বারোপ করে কক্সবাজারের জেলা প্রশাসন ও নৌপরিবহন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে'1
-B










