অল্পের জন্য বেঁচে গেলেন ৪০০ যাত্রী!

মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল দুই যাত্রীবাহী উড়োজাহাজের। তবে রাডার কন্ট্রোলারের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান দুই উড়ানের ৪০০ যাত্রী।
বেঙ্গালুর থেকে কলকাতাগামী বিমানে ১৭৬ জন যাত্রী ও ছয়জন কর্মী ছিলেন। অন্যদিকে বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী ও ছয়জন কর্মী।
ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দুই বিমান মুখোমুখি চলে আসে। । ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি বিমানকে একইসঙ্গে ওড়ার অনুমতি দেওয়ায় এ বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনাটি গত ৭ জানুয়ারির।
ব্যাঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি সমান্তরাল রানওয়ে থেকে বিমান দুটি পরপর একই দিকে উড্ডয়ন করে। সৌভাগ্যক্রমে একজন রাডার কন্ট্রোলার বিষয়টি ধরতে পেরে উভয় বিমানের পাইলটদের সতর্ক করে দেন। সংঘর্ষ এড়াতে একটি বিমান অনেকখানি বাঁয়ে সরে যায়। অন্যটি যায় অনেকটা ডানে। বাঁয়ে সরে যাওয়া বিমানটি ছিল কলকাতাগামী। বিমানদুটো তখন হাজার তিনেক ফুট উঁচুতে ছিল।
ঘটনাটির এখানেই শেষ হয়নি। কারণ, স্থানীয় কর্তৃপক্ষ শাস্তির ভয়ে এটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখন এ নিয়ে তদন্তের কথা উঠেছে।
জানা গেছে, বিমানবন্দরটিতে দুটি সমান্তরাল রানওয়ের মধ্যে একইসঙ্গে ফ্লাইট দুটি উড্ডয়ন বা অবতরণের মতো নিরাপদ দূরত্ব নেই। এ কারণে সেখানে উড্ডয়ন বা অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখতে হয়।










