উড়োজাহাজের চেয়ে ৫ গুণ গ্রিনহাউজ গ্যাস ছড়ায় খাদ্যবর্জ্য


ঢাকাঃ আকাশে উড়োজাহাজ যতটা গ্রিনহাউজ গ্যাস ছড়ায়, তার প্রায় ৫ গুণ নির্গত হয় বিশ্বজুড়ে ফেলে দেওয়া খাবার থেকে।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের (ইউএনইপি) সম্প্রতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্ব অর্থনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় গ্রিনহাউজ গ্যাস বা কার্বন নিঃসরণ। কারণ জলবায়ু সংকট পরিবেশ ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি করছে।
খাদ্যবর্জ্যের মধ্যে রয়েছে অপচয় করা খাবার, নষ্ট কৃষিপণ্য এবং বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যাওয়া খাদ্য। বিশেষ করে এসব খাবার ভাগাড়ে জমে অক্সিজেনের অভাবে পচলে মিথেন গ্যাস তৈরি হয়, যা শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস।
ইউএনইপির তথ্য অনুযায়ী, কার্বন ডাই-অক্সাইডের তুলনায় ২০ বছরে মিথেন প্রায় ৮৬ গুণ বেশি তাপ আটকে রাখতে পারে। বিশ্বে প্রতিদিন ১০০ কোটির বেশি খাবার খাওয়া হয় না, যার প্রায় ৬০ শতাংশই পরিবারের পর্যায়ে অপচয় হয়।
এফএওর হিসাবে, বিশ্বে প্রায় ১৪০ কোটি হেক্টর কৃষিজমিতে এমন খাদ্য উৎপাদন করা হয়, যা শেষ পর্যন্ত খাওয়া হয় না। এটি মোট কৃষিজমির প্রায় ২৮ শতাংশ। ফলে খাবার অপচয়ের সঙ্গে পানি, জমি ও বনসম্পদের অপচয় এবং গ্রিনহাউজ গ্যাস নিঃসরণও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যবর্জ্য কমানো জলবায়ু পরিবর্তনের গতি কমানোর দ্রুত ও কম ব্যয়ের একটি উপায় হতে পারে। তবে ২০১৫ সালের পর থেকে বৈশ্বিক খাদ্য অপচয় কমাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিভিন্ন দেশে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’-এর মতো নতুন পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে।










