পিঁপড়া দিয়ে ডেজার্ট সাজিয়ে বিপাকে রেস্তোরাঁ


ঢাকাঃ ডেজার্টের ওপর পিঁপড়া দিয়ে পরিবেশন করায় দক্ষিণ কোরিয়ার সিউলের একটি নামি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।
রেস্তোরাঁর পরিচালনাকারী প্রতিষ্ঠান ও এর প্রধান নির্বাহীকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। কারণ হিসেবে বলা হয়েছে, দেশটির খাদ্যনিরাপত্তা আইনে পিঁপড়া খাবারের উপাদান হিসেবে অনুমোদিত নয়।
কোরিয়ার সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সিউলের অভিজাত গ্যাংনাম এলাকায় অবস্থিত এভেট নামে রেস্তোরাঁটিকে ১ কোটি ওন ও প্রধান নির্বাহীকে ১ কোটি ৫০ লাখ ওন জরিমানা করা হয়েছে।
রেস্তোরাঁটির বিরুদ্ধে অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড থেকে শুকনো পিঁপড়া ডাকযোগে আমদানি করত এভেট। এরপর সেগুলো সিকহে দিয়ে তৈরি সরবের ওপর পরিবেশন করা হতো।
সিকহে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি মিষ্টি চালের পানীয়। একটি ডেজার্টে সাধারণত ৩ থেকে ৫টি পিঁপড়া দেয়া হতো।
সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লি সে-চ্যাং বলেন, অপরাধটি হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ দীর্ঘ সময় ধরে এসব ডেজার্ট বিক্রি করা হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁটি খাবারগুলো নিজেদের প্রচারের কাজেও ব্যবহার করেছে।
এছাড়া পরীক্ষায় পিঁপড়াগুলোতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ভারী ধাতুর উপস্থিতিও পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার আইনে খাবারের উপাদান হিসেবে ১০ ধরনের পোকামাকড় অনুমোদিত। এর মধ্যে রয়েছে ঘাসফড়িং, মিলওয়ার্ম ও রেশম পোকার পিউপা। রবে পিঁপড়া সেই তালিকায় নেই।
রায়টির বিরুদ্ধে উভয় পক্ষকে আপিল করার জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে।








