যুক্তরাষ্ট্রে নতুন ক্রয়াদেশে পতন, উড়োজাহাজ খাতে বড় ধস

ঢাকাঃ গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর নতুন পণ্যের ক্রয়াদেশে কিছুটা পতন লক্ষ্য করা গেছে, যা মূলত বাণিজ্যিক উড়োজাহাজের অর্ডারে বড় ধরনের হ্রাসের ফলস্বরূপ।
তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে অন্যান্য খাতে চাহিদা বেশ শক্তিশালী ছিল। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সেনসাস ব্যুরো সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে কারখানাগুলোয় নতুন ক্রয়াদেশ দশমিক ৭ শতাংশ কমেছে। এর আগে নভেম্বরে এ ক্রয়াদেশ ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
সংবাদমাধ্যমের এক জরিপে অর্থনীতিবিদরা এ হার দশমিক ৬ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে মাসিক ভিত্তিতে কমলেও গত বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে কার্যাদেশ ৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। মূলত সরকারি কাজকর্ম সাময়িক বন্ধ থাকার কারণে এ প্রতিবেদন প্রকাশে কিছুটা দেরি হয়েছে, যা বছরের শেষ দিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রায় ১০ দশমিক ১ শতাংশ আসে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত থেকে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কনীতির কারণে খাতটি বেশ চাপের মুখে রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, এ শুল্কের ফলে কারখানা ও ভোক্তা উভয় পক্ষেরই খরচ বেড়ে গেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের কিছু জরুরি শুল্কনীতি বাতিল করলেও তিনি অবিলম্বে নতুন করে ১০-১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করেন।
ওয়েলস ফার্গোর অর্থনীতিবিদ শ্যানন গ্রেইন জানান, সরকারের এমন দ্রুত পদক্ষেপে স্পষ্ট যে এ শুল্ক ব্যবস্থা আপাতত বহাল থাকছেই।
প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত উড়োজাহাজের অর্ডারে বড় ধরনের ওঠানামাই এ পতনের জন্য দায়ী। ডিসেম্বরে এ অর্ডার কমেছে ২৪ দশমিক ৮ শতাংশ। বিশ্বের নামকরা বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ১৭৫টি উড়োজাহাজের অর্ডার পেলেও সেগুলো ছিল তুলনামূলক কম দামি, যা মোট আয়ে বড় প্রভাব ফেলতে পারেনি।
তবে উড়োজাহাজ খাতে মন্দা থাকলেও প্রযুক্তি খাতে বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। ডিসেম্বরে কম্পিউটার ও ইলেকট্রনিক পণ্যের অর্ডার ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এছাড়া যন্ত্রপাতি, মোটর গাড়ির যন্ত্রাংশ এবং ধাতব পণ্যের কার্যাদেশও বেড়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন, কর হ্রাসের ফলে চলতি বছর ব্যবসায়িক বিনিয়োগ আরো বাড়বে, যা মার্কিন অর্থনীতিকে ফের শক্তিশালী করতে সাহায্য করবে।
-B










