চলতি বছর যাত্রীসংখ্যা দ্বিগুণের আশা আবুধাবির

বিশ্বের উড়োজাহাজ খাত করোনা মহামারীর কারণে বড় ক্ষতির মুখে পড়েছিল। পরিস্থিতি কাটিয়ে গত বছরের শেষ দিকে মুনাফায় ফিরতে শুরু করে এয়ারলাইনস ও বিমানবন্দরগুলো।
২০২১ সালে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করেছেন ৫২ লাখ ৬০ হাজার যাত্রী। এর মধ্যে কেবল চতুর্থ প্রান্তিকেই যাওয়া-আসা করেছেন ২৪ লাখ ৩০ হাজার যাত্রী, যা গোটা বছরের ৪৬ শতাংশ। এক বছরেরও বেশি সময় পর এ পরিমাণ যাত্রীকে স্বাগত জানাতে সক্ষম হয় বিমানবন্দরটি।
গত বছর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা ২০২০ সালের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ২০২১ সালে ৭৪ হাজার ১৭৬টি ফ্লাইট এ বিমানবন্দর ব্যবহার করেছে।
বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আল হাশমি বলেন, অক্টোবর-ডিসেম্বরে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর অর্থ হলো, আকাশভ্রমণ পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলমান থাকবে বলেই মনে হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি, চলতি বছর আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহারকারী যাত্রীর সংখ্যা দ্বিগুণ হবে। যেহেতু টিকাদান কর্মসূচি চালু রয়েছে, বিশ্বের প্রায় সবখানেই সরকারি বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে, শিথিল করা হচ্ছে আগের নিয়মকানুন। তাই ২০২২ সালে অন্তত ১ কোটি ৭ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে যাওয়া-আসা করবেন।
২০২১ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে আবুধাবি বিমানবন্দরের পরিধিও। ২০২০ সালে ৭৫টি গন্তব্যের সঙ্গে এ বিমানবন্দর যুক্ত থাকলেও ২০২১ সালে এসে তা বেড়ে হয়েছে ১০৩টি। এর মধ্যে যে পাঁচটি দেশের সবচেয়ে বেশি যাত্রী পারাপার করেছেন, সেগুলো হলো ভারত, পাকিস্তান, মিসর, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
-B










