আগামী মাসেই আকাশে ডানা মেলতে পারে এয়ার অ্যাস্ট্রা

আগামী মাসেই ( সেপ্টেম্বর) সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা আকাশে ডানা মেলতে পারে বলে সংস্থাটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ফ্রান্স থেকে চারটি উড়োজাহাজ লিজ নিয়েছে কোম্পানিটি যার পেইন্টের কাজ চলছে এখন ব্রিটেনে ।
এয়ার অ্যাস্ট্রার সহকারী মহাব্যবস্থাপক এ এফ এম রুবায়াত-উল জান্নাত আজ (১০ আগস্ট)বাংলাদেশ মনিটরকে বলেন, আগামী মাস সেপ্টেম্বর থেকেই ফ্লাইট চালুর সম্ভাবনা আমাদের পরিকল্পনায় রয়েছে। অবশ্য এটা নির্ভর করছে উড়োজাহাজগুলি দেশে পৌঁছাবার উপর।
তিনি আরও বলেন, এয়ার অ্যাস্ট্রা ৪টি এটিআর ৭২-৬০০ মডেলের প্লেন লিজ নিয়েছে। আশা করছি, সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
তিনি আরও বলেন, যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা।
উল্লেখ্য, ২০২১ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। ওই বছরের ৪ নভেম্বর তারা এনওসি পায়।
প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশনে দেরি হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
-B










