এয়ারবাস হাইড্রোজেন চালিত বাণিজ্যিক উড়োজাহাজ আনবে

নতুন ফুয়েল সেল ইঞ্জিন তৈরির কাজ শুরু করেছে এয়ারবাস। ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেনচালিত বাণিজ্যিক উড়োজাহাজ বাজারে আনতে চায় ফরাসি জেট নির্মাতা প্রতিষ্ঠানটি।
সম্ভাব্য শূন্য নিঃসরণ পরিকল্পনার ক্ষেত্রে বেশকিছু বিকল্পের অংশ হিসেবে এ লক্ষ্য নেয়া হয়েছে। এয়ারবাস বলছে, ফুয়েল সেল ইঞ্জিন প্রযুক্তি খুব কার্যকর ও পরিবেশবান্ধব।
বলা হয়েছে, এবারই প্রথম বিশ্বের বৃহত্তম কোনো উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইঞ্জিনকেন্দ্রিক প্রযুক্তি উন্নয়নের দিকে নজর দিচ্ছে। যদিও শূন্য কার্বন নিঃসরণ প্রকল্পের প্রধান গ্লেন লেওয়েলেন বলেন, এ পদ্ধতি যদি উন্নত করার দিকে এগোতে হয়, তাহলে সেখানে কেউ একা যেতে পারবে না।
২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য পূরণে কাজ করছে এভিয়েশন শিল্প। সে উদ্যোগের খানিকটা অগ্রগতির নাম হাইড্রোজেনচালিত উড়োজাহাজ। উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোর ইঞ্জিন সরবরাহকারীদের মধ্যে রয়েছে রোলস-রয়েস, জেনারেল ইলেকট্রিক, সাফরান ও প্র্যাট অ্যান্ড হুইটনি।
প্রায় এক দশক আগে ব্রিটেনের রোলস-রয়েস অধিগ্রহণের কথা ভাবছিল এয়ারবাস। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হওয়ার পরিকল্পনা করবে। এয়ারবাস এখন ফুয়েল সেলের ওপর নজর দিচ্ছে। পাশাপাশি ইঞ্জিন তৈরিকারী প্রতিষ্ঠানগুলো ফ্লাইটের জন্য বিদ্যুৎ ম্যানেজমেন্টের মূল কাজে নজর দিচ্ছে।
তবে পরিবেশবিদরা বলছেন, এভিয়েশন খাত এখনো কার্বন নিঃসরণ কমাতে পরিপূর্ণভাবে কাজ করছে না। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ফ্লাইট কমিয়ে আনার দিকে মনোযোগ দেয়া হচ্ছে না।
-B










