কাল থেকে গুয়াংজু-ঢাকা রুটে পাখা মেলছে বিমান

আগামীকাল ১৮ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ফ্লাইটের ঘোষণা দেয়।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং-এর সঙ্গে মঙ্গলবার (১৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
এছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাষ্ট্রদূত চীনে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
১৮ আগস্ট থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১১.০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট বিজি ৩৬৬ ছেড়ে যাবে। স্থানীয় সময় বিকেল ০৪৪৫ টায় চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।
ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ ওই দিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ০৭৪৫ টায় ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে রাত ০৯৩০ টায়।
যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে এ রুটের প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। দেশে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও টিকিট কেনা যাবে।
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইট (httpbd.china-embassy.gov.cnlsywlsxx) ও বিমানের ওয়েবসাইট (httpswww.biman-airlines.comtravelAdvisory) ভিজিট করলে ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
এর আগে ১৭ জানুয়ারি গুয়াংজুতে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গুয়াংজুতে নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বিমানের নতুন কার্যালয়ের ঠিকানা: রুম ৫০৪ বি, অ্যাট্রিয়াম এরিয়া, গুয়াংডং ইন্টারন্যাশনাল বিল্ডিং, ৩৩৯ পূর্ব হুয়াংশি রোড, গুয়াংজু, ৫১০০৯৮, চীন।
-Biplob










